সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। সর্বশেষ আলোচনা অনুযায়ী, বেতন কাঠামোটি দুই ধাপে কার্যকর করার পরিবর্তে একবারেই বাস্তবায়নের সম্ভাবনা এখন বেশি বলে জানা গেছে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুরুতে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় থাকলেও পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে এককালীন বাস্তবায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আইবাস (iBAS) ব্যবস্থার কারিগরি জটিলতা, দুই ধাপে বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কার কারণে সরকার একবারেই নবম পে স্কেল কার্যকরের পক্ষে ঝুঁকছে।
অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের বেতন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তবে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে আগ্রহ ও অপেক্ষা দুটোই অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা শুরু