ট্রাম্পের কটুক্তি সত্ত্বেও ব্রাজিলিয়ান রেফারির পাশে ফিফা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:২৮ এএম

ফোলারিন বলোগুনকে লাল কার্ড দেখানো ব্রাজিলিয়ান রেফারিকে 'সন্দেহজনক' বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে বলো গানকে লাল কার্ড দেখিয়েছিলেন ৪৬ বছর বয়সী অভিজ্ঞ রেফারি রাফায়েল ক্লাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন কলের পর ফিফা নাটকীয়ভাবে বলো গানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করলেও, ট্রাম্প ক্লাউসের সমালোচনা করা থেকে বিরত থাকেননি। সোমবার ক্লাউসকে উদ্দেশ্য করে বলেন, "তার অতীত রেকর্ড পরীক্ষা করে দেখলে তাকে কিছুটা সন্দেহজনক মনে হবে।"

ট্রাম্পের এমন মন্তব্যের পর ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাউসের প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়:

"ফিফা রাফায়েল ক্লজকে বিশ্বের অন্যতম সেরা পেশাদার রেফারি এবং ফিফা বিশ্বকাপের এলিট গ্রুপ অব রেফারিজ (টিম ওয়ান)-এর একজন মূল্যবান সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পুরো ক্যারিয়ার জুড়ে তিনি সবসময় পেশাদারিত্ব এবং সততার সর্বোচ্চ মান বজায় রেখেছেন।"

ফিফার প্রধান রেফারি কর্মকর্তা এবং রেফারি কমিটির চেয়ারম্যান কিংবদন্তি পিয়েরলুইজি কলিনাও ক্লজের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করিয়ে দেন যে, ক্লজ তার ক্যারিয়ারে ৬০০-এর বেশি ম্যাচ পরিচালনা করেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপের পর এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। কলিনা বলেন, 'তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ ও সম্মানিত রেফারি। ম্যাচ অফিশিয়াল হিসেবে তার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

বিষয়টি নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও মুখ খুলেছেন। ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের পর বলো গানের শাস্তি মওকুফ হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ইনফান্তিনো মাঠের নিয়মের ওপর জোর দিয়ে বলেন:

"আমি আবারও বলছি, আমাদের অবশ্যই রেফারিদের সম্মান করতে হবে এবং খেলা পরিচালনার নিয়মগুলোকে শ্রদ্ধা জানাতে হবে। বিষয়টি অত্যন্ত সাধারণ এবং এটি কখনো খাটো করে দেখার সুযোগ নেই—রেফারি ছাড়া কোনো ফুটবল ম্যাচ হতে পারে না।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত