রেফারিকে দায়ী করে ফিফায় নালিশ মিসরের, তদন্ত দাবী

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেওয়ার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি মিসর। মাঠের লড়াই শেষ হলেও এবার আইনি লড়াইয়ে নামছে তারা। ম্যাচটিতে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্ষোভ উগরে দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার পুরো ম্যাচ অফিশিয়াল দলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র জমা দিয়েছেন।

মিশরের দাবি, রেফারি এবং তার সহকারীরা আর্জেন্টিনার এই নাটকীয় জয়ের পেছনে ‘চূড়ান্ত ও নির্ধারক ভূমিকা’ পালন করেছেন। অভিযোগপত্রে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি বিশদ ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি একটি সুষ্ঠু তদন্তের অনুরোধ করা হয়েছে।

মিসরীয় ফুটবল ফেডারেশন কেবল অভিযোগ করেই ক্ষান্ত হয়নি, তারা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে যেন এই ফরাসি রেফারিং প্যানেলকে চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পরিচালনা করা থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়। তাদের মতে, নকআউট পর্বের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে যে ধরণের মারাত্মক ভুল করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত