জাতিসংঘ মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। তার নিয়োগের বিষয়ে ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এই তথ্য জানা গেছে।

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড-৩ ভুক্ত পদ ও বেতনে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে তাকে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম সুচারু ও গতিশীল রাখতে নিয়োগ দেওয়া হচ্ছে ওয়াহিদুজ্জামানকে। বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকসমূহে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই নিয়োগ- উল্লেখ করা হয় ডিও লেটারে।

শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম ওয়াহিদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ১৯৯১ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের শুরুতে ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করলেও পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় (২০০২-২০১৫) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিং ইনস ডট -এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং ও রিমোট সেন্সিং বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে ওয়াহিদুজ্জামানের। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক বহু আন্তর্জাতিক প্রকল্পে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধও রয়েছে তার।

জাতিসংঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-উল্লেখ করা হয় ডিও লেটারে।

ওই পত্রে আরও বলা হয়, ওয়াহিদুজ্জামানের নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত