প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ-চীন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন এবং সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতকরণে একসঙ্গে কাজ করার ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের (Yao Wen) এক সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও নিবিড় করার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন করা। এই লক্ষ্য বাস্তবায়নে প্রথাগত সামরিক সহযোগিতার বাইরে গিয়ে সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ উদ্যোগের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। এছাড়া বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত