খুলনায় কারাগারের দেয়াল টপকিয়ে পালালো কয়েদি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

খুলনার পুরাতন জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি  (৩০) নামে এক  হাজতী আসামি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল  পৌনে পাঁচটার দিকে সে পালিয়ে যায়।

মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে সে খুলনা কারাগারে ছিল।
পালিয়ে যাওয়া আসামি ইমন নগরীর লবণচরা থানার  সাচিবুনিয়া বটতলার মোড়ের জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির পুত্র।

তার  পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের সুপার মো. আবু ছায়েম। ইতোমধ্যেই পালিয়ে যাওয়া আসামী ইমন মাঝিকে গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সহযোগিতা চেয়েছেন জেলা কারাগার কর্তৃপক্ষ।

জেলা কারাগার কর্তৃপক্ষ জানান,  বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেওয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় আসামি ইমন মাঝি। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়েছে।

কারাগারের সুপার আবু ছায়েম বলেন, সিসি ফুটেজের চিত্রে তাকে কোন কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যেতে দেখা যায়। তবে তাকে আটকের জন্য ইতিমধ্যেই সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। 

এছাড়া এ ঘটনার পর থেকে কারাগার এলাকায নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত