রাজধানীর গুলিস্তান মতিউর রহমান পার্কে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তার বাবা পানি বিক্রি করেন এবং মা কলম বিক্রি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি।
এরপর বাবা মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। সকাল সাড়ে সাতটার দিকে থানায় খবর আসে, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। পরবর্তীতে সেখানে গিয়ে ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী নামে ওই যুবক শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করছিল। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।
তিনি আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে কোর্টে প্রেরণ করা হবে। তার বাড়ি চাদপুর সদর উপজেলায়। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ফের বাড়ল স্বর্ণের দাম