ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকায় ভারতীয় সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারকালে বিজিবি টহল টিমের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে কারবারিরা। এসময় সীমান্তে ফেলে যাওয়া বস্তায় মিললো বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সিংগারবিল বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৭/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নলগড়িয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। উক্ত সময় ভারত হতে বাংলাদেশের দিকে কয়েকজন ব্যক্তিকে কাঁধে করে চটের বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহলদল কর্তৃক ধাওয়া করা হলে চটের বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহলদল কর্তৃক উক্ত বস্তাগুলোর ভিতরে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৫ বোতল ইস্কফ উদ্ধার করে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পার্বতীপুরে উটপাখির বাচ্চার সফল প্রজনন