'বিশ্ব চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার ওপর ঈর্ষা আরও বেড়েছে', স্কালোনি

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম

মিশরের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর থেকেই আর্জেন্টিনা দলের দিকে ধেয়ে আসছে তীব্র সমালোচনা। রেফারি ও ভিএআর নাকি পক্ষপাতিত্ব করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ জিতিয়েছে—এমন অভিযোগে যখন উত্তাল ফুটবল বিশ্ব, ঠিক তখনই রুখে দাঁড়ালেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি।

মিশরীয় শিবিরের ক্ষোভ এবং ইন্টারনেট দুনিয়ায় ছড়ানো তীব্র সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণেই মানুষের মনে আর্জেন্টিনার প্রতি ঈর্ষা আরও বেড়ে গেছে।

রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে শুক্রবার কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন:

'এটি আজ নতুন কিছু নয়। আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই এই এক কথা শুনে আসছি। আমরা এই সমালোচনা ও মন্তব্যগুলোকে আমাদের খেলোয়াড়দের জাগিয়ে তোলার জন্য ব্যবহার করি। একটা বিদ্রোহ তৈরি করতে এবং খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স আরও উন্নত করতে এগুলোকে আমরা 'জ্বালানি' হিসেবে ব্যবহার করি।"

তিনি আরও যোগ করেন, 'হয়তো এমন কিছু মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক, এটা খুব স্বাভাবিক। আমরা যেহেতু গত বিশ্বকাপটা জিতেছি (বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি), তাই আমাদের প্রতি মানুষের এই ঈর্ষা আরও বেশি কাজ করছে। এই ধরণের কথাবার্তা আমাদের খেলোয়াড়দের কান পর্যন্তও পৌঁছায়।'

ভিএআর-এর যুগে পক্ষপাতিত্ব অসম্ভব

মিশরের গোল বাতিল এবং লিসান্দ্রো মার্তিনেজের ফাউল বিতর্ক নিয়ে রেফারিদের অন্যায্যতার অভিযোগকে উড়িয়েদিয়ে স্কালোনি বলেন,

'কিন্তু বর্তমান যুগে যেখানে ভিএআর রয়েছে, সেখানে আপনাকে কেউ বাড়তি সুবিধা দেবে—এটা ভাবাই খুব কঠিন। বিশ্বকাপের আগে আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল কীভাবে নিয়মের প্রয়োগ করা হবে এবং এখানে তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। লিসান্দ্রো মার্তিনেজকে পা দিয়ে মাড়ানো হয়েছিল, ওটা পরিষ্কার ফাউল ছিল। এখানে অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় সবকিছুকে তিল থেকে তাল করা হয়, কিন্তু বাস্তবে কোনো পক্ষপাতিত্ব বা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত