আনোয়ারায় পানিবন্দি ৭০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি অসহায় ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাতরী এলাকায় ২০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল কবির রানা।

এর আগের দিন শুক্রবার বিকেলে চাতরী ইউনিয়নের মুন্সীপাড়া, গাজী মোল্লা পাড়া, সুজামল্ল পাড়া ও পাঁচ সিকদার পাড়ায় ৩০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সমাজকর্মী ও আইনজীবী নুরুল কবির রানার পরিবারের পক্ষ থেকে বিকেলে আরও ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিঁড়া, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল।

অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই এই শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের প্রয়োজনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত