স্বাবলম্বী হতে মালয়েশিয়া গিয়ে লাশ হলেন শোয়াইব

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

পরিবারকে স্বাবলম্বী করার জন্য বছর তিনেক আগে মালয়েশিয়ায় যান মো. শোয়াইব বিশ্বাস। সেখানে গিয়ে দীর্ঘদিন একটি কোম্পানিতে কাজ করেছেন চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসেন। এরপর বিয়ে করে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় ফিরে যান। তবে বিয়ের মেহেদীর রং শুকানোর আগেই নিজের কর্মস্থলে এক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

‎নিহত শোয়াইব বিশ্বাস (২৩) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে।

‎শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় শোয়াইবের ভগ্নিপতি মো. তুহিন হাসান তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। এদিকে শোয়াইবের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পরিবার। এমন অবস্থায় পরিবারের পক্ষ থেকে দেশে মরদেহ ফেরত আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে ২০২৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কোম্পানিতে কাজ শুরু করেন শোয়াইব। সেখানে কাজ শেষে চলতি বছরের এপ্রিলে ছুটিতে বাড়িতে আসেন। বাড়ি আসার পর গত দুই মাস আগে বিয়ে করেন তিনি। এরপর ছুটি শেষে গত ১ জুলাই মালয়েশিয়া চলে যায়। দেশটির জহুরবারু এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে বোম্ব ক্রেনের সাহায্যে নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটারের পাইপ লাগানোর কাজ শুরু করেন। ‎শুক্রবার সকালে কাজ চালাকালীন বোম্বক্রেন চাপায় নিহত হন তিনি।

নিহতের ভগ্নিপতি তুহিন হাসান বলেন, শুক্রবার দুপুরে কোম্পানির দায়িত্বরত এক বাংলাদেশি আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি জানান। কোম্পানির পক্ষ থেকে তার মরদেহ ফেরত পাঠানোর জন্য তিন সপ্তাহের সময় চেয়েছে। তবে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

‎ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, সেখান থেকে কোনো সহযোগিতার না পেলে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত