জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে দুই নারীসহ এক বৃদ্ধ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শনিবার (১১ জুলাই) ভোর রাতে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম জানান, ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের প্রতিহত করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্যরেখায় নিয়ে যায়।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে তিনজনকে আটক করা গেলেও বাকি দুইজনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি।বিজিবি ও বিএসএফের সদস্যরা ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫), তার বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পত্নীতলা ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুর রহমান বলেন, ঘটনাস্থলে এসেছি দুইপক্ষের মধ্যে আলোচনা ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।