ঈশ্বরগঞ্জে প্রাণঘাতী বিষধর ‘ওয়ালস ক্রেট’ সাপ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রাণঘাতী ও বিষধর  ‘ওয়ালস ক্রেট’ সাপকে উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জর সহযোগীতায় সাপটি উদ্ধার করা হয়।

ভাইদগাঁও গ্রামে কৃষক হারুন অর রশিদ বলেন, ৭ জুলাই বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের কাঁচামাটিয়া নদীর পাড়ে সাপটির দেখা মেলে। পরে আমরা কয়েকজন মিল সাপটিকে তাড়া করে বস্তাবন্দী করি। চারদিন ধরে সাপটিকে আমি বস্তায় রেখে টিকটিকি ও ব্যাঙ খেতে দিয়েছি। পরে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগীতায় রেসকিউ টিম এসে সাপটিকে নিয়ে যান।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের ময়মনসিংহ প্রতিনিধি মাহামুদুল হাসান বলেন, ওয়াল'স ক্রেট বৈজ্ঞানিক নাম "বানগারাস ওয়ালি। দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ। কালাচ বা শঙ্খিনী পরিবারের এই সাপটি অত্যন্ত প্রাণঘাতী এবং এর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে (নিউরোটক্সিক) আঘাত হানে। এরা নিশাচর প্রকৃতির এবং রাতের বেলা খাবারের সন্ধানে বের হয়। সাধারণত দিনের বেলা ধানক্ষেত, জলাশয়, ঝোপঝাড় বা গর্তে লুকিয়ে থাকে। দেখতে অনেকটা সাধারণ নির্বিষ ‘দাঁড়াশ’ সাপের মতো হওয়ায় অনেকেই ভুল করেন।

তিনি বলেন, এদের কামড়ে সাধারণত তীব্র ব্যথা বা ফোলাভাব হয় না। তবে বিষক্রিয়া দ্রুত শুরু হলে শ্বাসতন্ত্র ও পেশি অবশ হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রশিক্ষণ ছাড়া ঝুঁকি নিয়ে কেউ সাপ ধরবেন না। সাপটিকে আমরা নির্জন বনে অবমুক্ত করেছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত