নিহত বনজীবী আমিনুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নিহত বনজীবী আমিনুর ইসলামের শোকসন্তপ্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, গত ১৮ মে সোমবার সকালে আমিনুরসহ তার সঙ্গীরা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের 'খুলনা স্মার্ট পেট্রোল টিম' তাদের নৌকাকে লক্ষ্য করে সংকেত দেয়। জেলেদের অভিযোগ, তারা তাৎক্ষণিকভাবে নৌকার কাছে না পৌঁছানোয় বনকর্মীরা গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পর নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারের দুর্দশার বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে অবগত করেন। পরে মানবিক দিক বিবেচনা করে পরিবারটির জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলো নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করে। এমন সংকটময় সময়ে নিহত জেলের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান একটি অত্যন্ত মানবিক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে নিহত আমিনুর ইসলামের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত