টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়কের মতো প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়েও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রবিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সচিবালয়ের বিভিন্ন সড়কে পানি জমতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পানির পরিমাণ বাড়ে এবং দুপুর ২টার পরও বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া ৭ নম্বর ভবনের পশ্চিম পাশের সড়ক, তথ্য অধিদপ্তরের সামনের সড়ক, ৫ নম্বর ভবনের সামনের সড়ক, ৩ ও ৫ নম্বর ভবনের মাঝখানের সড়ক এবং ৭ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সচিবালয়ের প্রধান ফটকের সামনেও পানি জমে থাকতে দেখা গেছে। একই অবস্থা প্রেসক্লাবমুখী গেটের সামনেও। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন কাজে আসা সেবাপ্রার্থী নাগরিকদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘সচিবালয়ের মতো জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে দেশের বাকি এলাকার কী অবস্থা হবে? যারা দায়িত্বে আছে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।’
এক কর্মকর্তার গাড়িচালক জানান, পানির কারণে সকাল থেকেই অনেকের গাড়ি বিকল হয়ে গেছে। এমনকি হেঁটেও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে ইডেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুনের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।