সাবেক স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার নাঈম উদ্দিন (৩৮) ওই এলাকারই বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বিয়ের পর থেকে নাঈম উদ্দিন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্যও চাপ প্রয়োগ করতেন। এ ঘটনায় আদালতে মামলা হওয়ার পর তিনি স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তবে বিচ্ছেদের পরও ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার এবং ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে সাবেক স্ত্রীকে হয়রানি করে আসছেন।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইখতিয়ার উদ্দিন জানান, ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে কর্ণফুলী থানায় মামলা রেকর্ড করা হয়। এরপর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত