নেতানিয়াহুর সামনে ভোটের পরীক্ষা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর জনসমর্থনের বড় পরীক্ষা হতে যাচ্ছে আগামী ২৭ অক্টোবর। আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রবিবার (১২ জুন)জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট)। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইতোমধ্যে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়ে বলেছেন, তিনি আবারও জয়ী হতে চান।

নেসেটের বর্তমান মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হচ্ছে। ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন জোট পূর্ণ চার বছরের মেয়াদ সম্পন্ন করতে যাচ্ছে। পার্লামেন্ট জানিয়েছে, সংসদের মেয়াদ কমানোর কোনো পরিকল্পনা না থাকায় আগাম ভেঙে দেওয়ার প্রয়োজন নেই।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচনের আগে নিজের ডানপন্থী জোটকে আরও শক্তিশালী করতে একাধিক বিল পাসের উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে তিনি ডান-বাম বিভাজনের বাইরে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের ইচ্ছার কথাও জানিয়েছেন।

তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অধিকাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৯২ শতাংশের বেশি ইসরায়েলি মনে করেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে লাভবান হয়েছে। একই সময়ে নেতানিয়াহুর জনপ্রিয়তা মার্চের ৪০ দশমিক ৫ শতাংশ থেকে জুনে ২৯ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ, ইরানের সঙ্গে সংঘাত-পরবর্তী যুদ্ধবিরতি, অতিরক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবায় অন্তর্ভুক্তি, বিচার বিভাগ সংস্কার, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা এবং গাজা যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা ,এসবই নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। 

নেতানিয়াহুর ভাষ্য, নির্বাচনের পর একটি বিস্তৃত জাতীয় সরকার গঠন করা গেলে দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদার হবে এবং ইরানপন্থী শক্তির অবশিষ্ট প্রভাব মোকাবিলার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক সাফল্যও অর্জন করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নকেই আসন্ন নির্বাচনে নিজের প্রচারের মূল ভিত্তি করতে চাইছেন নেতানিয়াহু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত