উজানের ঢলে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।
পানি বৃদ্ধির কারণে কোথাও ডুবে যাচ্ছে সবজি ক্ষেত ও পাটখেত, আবার কোথাও তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। বিশেষ করে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে ভাঙন বাড়ায় উদ্বেগে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। একই সঙ্গে তিস্তা ও দুধকুমার অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উজানের ঢলে জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। ধরলা নদীর পানি তালুকশিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৪৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারী পয়েন্টে ১ দশমিক ৯ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে তিস্তা নদীর অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রাজিয়া বেগম বলেন, তিস্তার পানি কয়েকদিন ওঠানামা করলেও সোমবার রাত থেকে আবারও বাড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, পানি বৃদ্ধির কারণে চর বিদ্যানন্দ, চর তৈয়বখাঁসহ আশপাশের এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় সরকারি সহায়তা খুবই অপ্রতুল। সোমবার মাত্র ৫০টি পরিবার জিআরের চাল পেয়েছে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক আউয়াল বলেন, আগের দফার পানি বৃদ্ধিতে আমার মরিচক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও অনেক জমিতে পানি জমে রয়েছে। আবারও পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় আছি। এভাবে চলতে থাকলে অবশিষ্ট ফসলও নষ্ট হয়ে যাবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে অতিঝুঁকিপূর্ণ ছয় কিলোমিটার এলাকার মধ্যে চার কিলোমিটারে জরুরি কাজ চলমান রয়েছে। অবশিষ্ট দুই কিলোমিটারে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জামানত ছাড়াই ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা