সূচি অনুযায়ী সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে গত বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সে সময় দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে এই সফর স্থগিত করে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নতুন সূচিতে ২০২৬ সালের সেপ্টেম্বরে আসতে পারে ভারত। তবে নির্ধারিত সময়ের দেড় মাসের কম সময় বাকি থাকলেও এখনো সফরসূচি নিশ্চিত হয়নি।
সে দেশের ক্রিকেট বোর্ড সরকারের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় এখনো এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও ৩ সপ্তাহ আগে ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানায়, আগস্টেই ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল। তবে গতকাল ভিন্ন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে সংক্ষিপ্ত সফ্রে সেপ্টেম্বরের শুরুতে আসতে পারেন শ্রেয়াস আইয়াররা।
বাংলাদেশ সফরের জন্য ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। তবে বাংলাদেশ সফরের জন্য জায়গা তৈরি করতে ৪ দিন পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যদিও এসব নিয়ে বিসিসিআইয়ের কোনো কর্মকর্তা প্রকাশ্যে বা আড়ালে কোনো মন্তব্য করেননি। তবে বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বৈঠক থেকে ইতিবাচক বার্তা নিয়ে দেশে ফিরছেন সাবেক এই অধিনায়ক।
বিসিবির এক কর্মকর্তাও আশার কথা শোনান, ‘আনুষ্ঠানিকভাবে দুই বোর্ডের মধ্যে এখনো আলোচনা শুরু হয়নি। তবে মৌখিক কথা হচ্ছে। আমাদের সভাপতি আইসিসির বৈঠক থেকে আজ (গতকাল) রাতে আসবেন। সেখানে ভারতের প্রতিনিধিদের সঙ্গে আশানুরূপ আলোচনা হয়েছে বলেই শুনেছি। আমরা বিশ্বাস করি, সঠিক সময়েই সিরিজটি হবে।’
এদিকে বিসিবির এক প্রতিনিধি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা সফরটি নিয়ে আশাবাদী। এখনো বিসিসিআইয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাইনি। তবে তারা আসবে না, এমন কথাও বলেনি। তাই আমরা আশা করছি, দ্রুত ইতিবাচক সাড়া পাব।’