নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে কারখানাটির গোডাউনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর রাতে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। এর সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

এদিকে আগুনের নিউজ কাভারের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা দেয়।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজে যাচ্ছে।

এরই মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো বলে ধারণা করছি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি আপাতত বলা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে আদমজী ইপিজেড ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত