৮ হাজার ৮১০ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে ৮ হাজার ৮ শত ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। উদ্ধারকৃত মাদকের সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত আসামিরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার ৯নং ওয়ার্ডের কুমিদার গ্রামের মৃত বৈদা শেখের ছেলে মো. নুর ইসলাম (৪২) এবং একই গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে মো. রুবেল (২৫)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই আনুমানিক রাত সাড়ে ১০ টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) তল্লাশির জন্য থামান। গাড়িটি থামানোর পর বিজিবি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ নামক একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। 

তল্লাশিকালে ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকদ্রব্যের উপস্থিতির বিষয়ে স্পষ্ট ইঙ্গিত প্রদান করে। একই সাথে পিকআপের চালক ও তার সাথে থাকা অপর ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা গাড়িটিতে বিস্তারিত তল্লাশি চালান। পরবর্তীতে পিকআপ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮ শত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্ট ভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আটককৃতদের, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মালামাল নিয়মিত মাদক মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত