জ্বালানি প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

বান্দরবানের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি পুরোপুরি বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সরকারি উদ্যোগে সেগুলো পুনর্নির্মাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ ও স্থায়ীভাবে পুনর্বাসনের এই আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। সরকার তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

শহরের জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার হাত থেকে স্থায়ী মুক্তি পেতে বড় পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান প্রবাহপথ মেক্সি খাল পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই খালটি সচল করা সম্ভব হলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

ত্রাণ বিতরণ ও মতবিনিময়ের এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত