নরসিংদীতে তিন মাস বয়সী রিজিক নামে এক শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টার অভিযোগে মাধবদী থানায় মামলা হয়েছে । এরপর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নরসিংদী সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন শিশুটির চাচা ও অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহম্মেদ ও লতার বাবা আলমাস মিয়া। তবে এ মামলার প্রধান অভিযুক্ত লতা বেগম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, রাতে মামলা দায়ের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পায়ের কী অবস্থা তা যাচায়ের জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেয়ার চেষ্টার অভিযোগ উঠে শিশুটির চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিশুটির বাবা জহির মিয়া। মঙ্গলাবার (১৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।