গোপালগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

টানা বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সরকারি কলেজ, লালমিয়া সিটি কলেজসহ জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, টানা বৃষ্টি, বন্যা ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান।

এ ছাড়া, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত