শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর এবার সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে চারটার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়কে বসে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুর আড়াইটা থেকে একই জায়গায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরবর্তীতে চারটার দিকে একটি মিছিল নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয় শিক্ষার্থীরা। মিছিলটি ষোলশহর রেলস্টেশন পর্যন্ত গিয়ে পুনরায় দুই নম্বর গেটে ফিরে এসে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আন্দোলনকারীরা জানান, গতকাল তাদের তিন দফা দাবি থাকলেও আজ তাদের দাবি একটা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন।

এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট ভেঙে নিয়ে যায়। এসময় তারা শিক্ষা বোর্ড ভবনেও তালা ঝুলিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত