ফুটবল মাঠে কেবল কৌশল বা ট্যাকটিকসই শেষ কথা নয়, কখনো কখনো অমোঘ কিছু আবেগ ও লোকগাথাও গড়ে দেয় ম্যাচের ভাগ্য। আটলান্টার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা যখন ফিফার কাছে তাদের চিরাচরিত আকাশী-সাদা জার্সি ছেড়ে গাঢ় নীল জার্সি পরার আবেদন জানাল, তখন অনেকেই এটিকে স্রেফ কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিলেন।
তবে ম্যাচ শেষে যখন বদলে গেল মাঠের চিত্রপট, তখন আরও একবার সেই নীল জার্সির মাহাত্ন্যের প্রমাণ পেল ফুটবল বিশ্ব। আর্জন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল একটি রঙ নয়, বরং দশকের পর দশক ধরে চলে আসা এক অবিনাশী বিশ্বাস।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে এই গাঢ় নীল জার্সির সাথে জড়িয়ে আছে অজেয় সব স্মৃতি। ১৯৮৬ সালের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনালে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর শতাব্দীর সেরা গোলের মহাকাব্য রচিত হয়েছিল ঠিক এই নীল জার্সিতেই। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়েও সঙ্গী ছিল এই নীল জার্সি। ২০০২ সালের বিপর্যয়ের বিপরীতে, আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা এই নীল রঙকে মানেন সাফল্যের দূত হিসেবে। এবারও ঘটল না যার ব্যতিক্রম।
ম্যাচটি যখন শুরু হলো, তখন ইংলিশদের দাপটে আর্জেন্টিনা ছিল কোনঠাসা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি তখন যেন খাদের কিনারায়। কিন্তু সেই গাঢ় নীল জার্সিতে থাকা বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘ফিলেতিয়াদো’ শৈলীর মোটিফগুলো যেন এক অজানা অনুপ্রেরণা হয়ে দেখা দিল। মাঠের ভেতরে মেসির ছায়া থেকে দলের ঘুরে দাঁড়ানোর যে লড়াই শুরু হলো, তা শেষ পর্যন্ত রূপ নিল এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পে। যা রীতিমত অভ্যাসে পরিণত করে ফেলেছেন মেসি-মার্তিনেজরা।
ইংল্যান্ড কোচ টমাস টুখেল অবশ্য ম্যাচের আগেই এই বিষয়টি নিয়ে রসিকতা করেছিলেন। কুসংস্কারের প্রতি শ্রদ্ধাশীল টুখেল হেসে বলেছিলেন, ‘যদি এমন কোনো কুসংস্কার থেকে তারা অনুপ্রেরণা পায়, তবে সেটা তাদের প্রাপ্য। শীর্ষ পর্যায়ের খেলায় এমন সব ছোটখাটো বিষয় খেলোয়াড়দের শান্ত রাখে।’ কিন্তু ম্যাচ শেষে সেই অনুপ্রেরণাই টুখেলদের জন্য হয়ে দাঁড়াল কাল হয়ে। ৮৫ মিনিটে এনজোর গোলের সমতা আর যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল, সব মিলিয়ে ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটল আরও একবার।
নীল জার্সির মাহাত্ম্য কি কেবলই কাকতালীয়? নাকি কেবলই প্রবল মানসিক শক্তির উৎস? উত্তরটা হয়তো তোলা থাকল ফুটবলের ইতিহাসবিদদের জন্য। তবে আর্জেন্টিনা সমর্থকরা নিশ্চিত, এই নীল জার্সি তাদের কাছে কেবলই পোশাক নয়, বরং এটি তাদের অজেয় থাকার এক শক্তিশালী মন্ত্র। আর সেই মন্ত্রের জোরেই, পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রতাপে ফাইনালের মঞ্চে পা রাখল আলবিসেলেস্তেরা।
গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি