বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ১০

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ লিটন (২৮), দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), সিরাজুল ইসলাম (৩৪), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), জাহিদুল আলম (৪২), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), সেলিম উদ্দিন (৩০) ও মাহামুদুল হক (৪৫)। আহত শ্রমিকরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লবণ কারখানায় দগ্ধ ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৫ থেকে ৬ জনের শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।​

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পেয়ে আমরা ফিরে এসেছি।

দুর্ঘটনার বিষয়ে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ গণমাধ্যমকে বলেন,​ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দগ্ধ শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সব ধরনের চিকিৎসা ব্যয় ও সহায়তা নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও আমরা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা সবসময় আছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত