নারায়ণগঞ্জে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত ছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম। তিনি বিবাহিত।

২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন মো. সাদিক। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত