শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান। এ সময় তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তারা কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় খোঁজখবর নেন সফরসঙ্গীরা।

শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের মায়ের হাতে উপহার তুলে দেন ডা. এস এম খালিদুজ্জামান। পাশাপাশি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

ডা. এস এম খালিদুজ্জামান বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক অনন্য প্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি জাতিরও নৈতিক দায়। তিনি শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সফর শেষে নেতৃবৃন্দ পুনরায় শহীদ পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শহীদদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত