দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে বন্যার্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তাই নির্ধারিত মূল্যে টিকিট কিনে এ অনুষ্ঠান উপভোগ করতে হবে। এ থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষের সহায়তার জন্য প্রদান করা হবে। এমন তথ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তার একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে যেমন কিংবদন্তিতুল্য শিল্পীর প্রতি সম্মান জানানো হবে, তেমনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও ছড়িয়ে পড়বে।
খেলার সঙ্গে বিয়ের কী সম্পর্ক? প্রশ্ন ছুড়লেন তানজিন তিশা
মেঘনার তাণ্ডবে মনপুরা, জোয়ারের পানিতে ডুবছে জনপদ