কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারি ইমনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মাদকের একটি বড় চালান প্রাইভেট কারযোগে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার তথ্য পায় বিজিবি। এই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সি-বিচ বিওপি সংলগ্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
নিয়মিত তল্লাশির পাশাপাশি বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার (করোলা ক্রস) চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র আভিযানিক দল গাড়িটি থামায়। তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান। একপর্যায়ে প্রাইভেট কারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ২টি লোহার চারকোনা বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের মালিক ও চালক ইমন হোছাইনকে (২৮) আটক করা হয়। আটক ইমন টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়া এলাকার কবির আহমদের ছেলে।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ছাড়াও তার ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি আইফোন এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।