কর্ণফুলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেল (৩০) নামের আরও একজন চালক।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক চত্বরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত অটোরিকশা চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫১)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দোলন কান্তি দে সুমন তার সিএনজিচালিত অটোরিকশা (চট্টগ্রাম থ-১৪-৫৭৯৩) নিয়ে মইজ্জ্যারটেক চত্বর এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন। তার অটোরিকশার পাশে আরেকটি অন-টেস্ট সিএনজিচালিত অটোরিকশা ছিল। যেটি চালাচ্ছিলেন রুবেল। এ সময় সামনে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক থাকায় দুটি সিএনজিই ধীরগতিতে চলছিল।

ঠিক তখনই শাহ আমানত সেতু হয়ে শহর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-জ-১১-০৫২৪) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পাশাপাশি থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দোলন কান্তি দে সুমন। অপরদিকে আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, কর্ণফুলী থানা পুলিশ এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মইজ্জ্যারটেক চত্বর দীর্ঘদিন ধরেই একটি ঝুঁকিপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত। মহাসড়কের পাশে ভাসমান দোকান, অনিয়ন্ত্রিত ইউটার্ন এবং যানবাহনের অতিরিক্ত গতির কারণে এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী ট্রাফিক ইন্সপেক্টর আবু সাঈদ বাকার বলেন, 'দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বাসটি জব্দ এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।'

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত