ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

মাগুরা সদর উপজেলার চাঁদপুর মাঠে ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছেন। তিনি ওই গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ইঞ্জিনচালিত নসিমন চালক ছিলেন।

স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। রাতের কোন এক সময় চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছে। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, শনিবার (১৮ জুলাই) সকালে চাঁদপুর পশ্চিমপাড়া এলাকার একটি সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজ বিশ্বাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তবে অধিক তদন্তের জন্য নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত