গাঁজা সেবন করে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

ক্যানাবিস বা গাঁজা-সংশ্লিষ্ট নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে একটি পুনর্বাসন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার শর্তে এই নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর সুযোগ রাখা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, ৩২ বছর বয়সী নওয়াজ নিজের এই ভুল স্বীকার করে নিয়েছেন এবং প্রমাণ করতে পেরেছেন যে, তিনি খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে নয়, বরং মাঠের বাইরে ব্যক্তিগত কারণে এই উপাদানটি ব্যবহার করেছিলেন।

গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে নওয়াজের ডোপ টেস্ট করা হয়। সেখানে তাঁর শরীরে 'কার্বক্সি-টিএইচসি'-এর উপস্থিতি পাওয়া যায়, যা ক্যানাবিসের একটি উপাদান। আইসিসির ডোপবিরোধী কোড অনুযায়ী এটি একটি অপব্যবহারযোগ্য উপাদান হিসেবে গণ্য।

 নওয়াজকে ৩ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা চলতি বছরের ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে (যেদিন তিনি নিজে থেকেই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন)। ইতোমধ্যে আড়াই মাস অতিবাহিত হওয়া এবং পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে রাজি হওয়ায় তাঁর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ১ মে পর্যন্ত নওয়াজের খেলা সব ম্যাচের ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যান বাতিল করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সুপার এইট পর্ব পর্যন্ত ৭টি ম্যাচই খেলেছিলেন নওয়াজ। যেখানে তিনি ১৫ রান করার পাশাপাশি ৭টি উইকেট শিকার করেছিলেন। তবে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত