লালমনিরহাটের কালীগঞ্জে ধানের চারা রোপণ করতে গিয়ে নিখোঁজের একদিন পর সতি নদী থেকে শিশু বর্মন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হররাম পূর্বপাড়া গ্রামের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু বর্মন (৫০) ওই এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওসমান গনি জানান, শুক্রবার সকালে ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে হররাম পূর্বপাড়া এলাকার সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল রানা জানান, স্থানীয়দের ধারণা নদী পার হতে গিয়ে কোনোভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।