আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে সরকার ক্ষতিগ্রস্ত হবে: ফুয়াদ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

আমার বাংলাদেশ পার্টির (এবি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বরিশাল বিভাগের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
 
শনিবার (১৮ জুলাই) বিকালে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে।
 
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি সম্ভব নয়।
 
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকায় সরকারি দলের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। বরিশালেও আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসীরা সক্রিয় হচ্ছে। এসব বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
 
জুলাই গণঅভ্যুত্থানের বিচার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, দুই বছর পার হলেও এখনো শহীদ ও আহত যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরাও কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত