মসজিদে ঢুকে ইমামকে মারধরের অভিযোগ ৩ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

ভোলার বোরহানউদ্দিনে একটি মসজিদে ঢুকে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার বাড়ি জামে মসজিদে শুক্রবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লাবিব এবং কর্মী সাবনুর ও হোসেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার জানান, জুমার পর অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে ইমাম আল-আমীনের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মো. বকুল বলেন, ধর্মীয় উপাসনালয়ে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত