প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:০৪ এএম

প্রেমের সম্পর্কে জড়িয়ে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন সোহান চাও (৩৮) নামে এক চীনা নাগরিক। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ওই তরুণীর গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ তাকে দেখতে ভিড় করেন।

সোহান চাও চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের বাসিন্দা। তার বাবার নাম সংফু ফ্যাং। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে আয়েশা সুলতানাকে (২১) বিয়ে করেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় তিন মাস আগে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে সোহান চাও ও আয়েশা সুলতানার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ জুন সোহান চাও বাংলাদেশে আসেন। এরপর ঢাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আয়েশা সুলতানা বলেন, পরিবারের সম্মতিতে সোহান চাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। কয়েক দিন ঢাকায় থাকার পর স্বামীকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে আসেন।

আয়েশার বাবা আবদুল আলিম বলেন, ছেলেটির বিষয়ে খোঁজখবর নিয়েই মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়েছে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। পরে তারা চীনে যাওয়ার পরিকল্পনা করছেন।

শনিবার বিকালে চীনা নাগরিকের উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকেই তাকে একনজর দেখতে আয়েশাদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত