লোহাগাড়া থানায় পুলিশের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপপরিদর্শক আজিজুল হকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে। তিনি চলতি বছরের ২০ মে লোহাগাড়া থানায় উপপরিদর্শক হিসেবে যোগ দিয়েছিলেন। জানা গেছে, গত শুক্রবার রাতের ডিউটি শেষে আজিজুল হক নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। গতকাল শনিবার সকালে সহকর্মীরা বারবার ফোন করেও সাড়া না পেয়ে ব্যারাকে তার কক্ষে যান। পরে দরজা খুলে অচেতন অবস্থায় দেখতে পেয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি জানান, নিহতের পরিবারকে জানানো হয়েছে। চট্টগ্রাম পুলিশ লাইনসে আনুষ্ঠানিকতা সম্পন্নের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত