মাদারীপুর জেলার কালকিনিতে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদারের (৬৪) বিরুদ্ধে।
রবিবার (১৯ জুলাই) সকালে নিহত জোবেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুলতান সরদারকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলতান সরদার একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে জোবেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে সুলতান সরদার একটি ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জোবেদা বেগম নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ভাই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছেন।