ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হন। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে শনিবার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) জেলার সরাইল উপজেলা চাঁনমনিপাড়ার বাসিন্দা, পেশায় কাপড় ব্যবসায়ী।
স্থানীয়দের বরাতে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেট কারটি রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।