পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সারাদেশে ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার সুফল আজ বোদার কৃষকেরা পাচ্ছেন।
রবিবার (১৯ জুলাই) সকালে পঞ্চগড়ে বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন থেকে পিছিয়ে না পড়েন সেটিই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে পঞ্চগড়ে সার বীজসহ কৃষি ব্যবস্থাপনায় যাতে কোন সংকট তৈরি না হয়, কৃষকেরা যেন নির্বিঘ্নে উৎপাদনমুখী কৃষি কাজ সচল রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষক বাচলে বাচবে দেশ এই নীতিকে ধারণ করে তারেক রহমান সরকার ইতিমধ্যে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচীকে ফিরিয়ে এনে সেচ সংরক্ষণ সহ জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য চাষের মাধ্যমে অভয়ারণ্য তৈরির উদ্যোগ নিয়েছে।
এসময় প্রতিমন্ত্রী খুব শিগগিরই পঞ্চগড় জেলাকে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে ঘোষণার মনোবাসনা ব্যক্ত করেন এবং প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবীসহ সকল স্তরের মানুষের সহযোগিতা চান।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) আবু সাঈম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার সুবিধাভোগী কৃষক অনুষ্ঠানে অংশ নেন।