চট্টগ্রাম নগরের পতেঙ্গা সি-বিচে মদপানের পর গুরুতর অসুস্থ হয়ে এক সাংবাদিকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে কায়সার নামে আরেক যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃতরা হলেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ গ্রামের প্রেমাসিয়া গ্রামে বাসিন্দা ও ‘বাংলাদেশ সমাচার’ পত্রিকায় চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার মো. বেলাল উদ্দিন (৩৩) এবং মোস্তাফিজুর রহমান ওরফে লাল চাঁদ।
রবিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৬ জুলাই রাতে সি-বিচের একটি হোটেলে বসে তারা পাঁচবন্ধু মদ পান করেন। এরপর থেকে তিনজন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে বেলাল, মোস্তাফিজুর রহমান ও কায়সার চমেক হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় বেলাল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে বেলাল পেশায় একজন সাংবাদিক ছিলেন বলে ফেসবুকে প্রচার হচ্ছে। মারা যাওয়া দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
সম্ভবত মেয়াদোত্তীর্ণ মদের বিষক্রিয়ায় দুইজন মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি পারভেজ আলী।