যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেকেন্ড লেডি উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক যৌথ পোস্টে সুখবরটি জানান এই দম্পতি।
তাদের নবজাতক পুত্রসন্তানের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। পোস্টে তারা লিখেছেন, 'আজ সকালে আমাদের ছেলে অ্যালেক নিল ভ্যান্স জন্ম নিয়েছে। উষা ও নবজাতক দুজনই সুস্থ আছে। আর আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।'
তারা আরও জানান, ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার-এর চিকিৎসক ও কর্মী এবং হোয়াইট হাউস মেডিকেল ইউনিট তাদের পরিবারের জন্য অসাধারণ সহযোগিতা করেছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।
হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে গত দেড় শতাব্দীর বেশি সময়ের মধ্যে এই প্রথম সন্তান জন্ম নিল। এর আগে ১৮৭০ সালে ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালে তার ছেলের জন্ম হয়েছিল। আরও আগে ১৮২৯ সালে ভাইস প্রেসিডেন্ট জন সি. ক্যালহুন দায়িত্ব পালনকালে এক পুত্রসন্তানের বাবা হন।
অ্যালেক নিল ভ্যান্স দম্পতির চতুর্থ সন্তান এবং তৃতীয় ছেলে। এর আগে তাদের তিন সন্তান ৯ বছর বয়সী ইওয়ান, ৬ বছরের বিবেক এবং ৪ বছরের মিরাবেল।
২০১৪ সালে বিয়ে করেন জেডি ও উষা ভ্যান্স। সরকারি বিভিন্ন সফরেও তারা প্রায়ই সন্তানদের সঙ্গে নিয়ে যান, যার মাধ্যমে ভাইস প্রেসিডেন্টের পারিবারিক জীবনের একটি ভিন্ন চিত্র জনসমক্ষে এসেছে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন জেডি ভ্যান্স। তিনি বড় পরিবার গঠনে মানুষকে উৎসাহিত করে আসছেন। ২০২৫ সালের মার্চ ফর লাইফ সমাবেশে তিনি বলেছিলেন, 'আমি চাই যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশুর জন্ম হোক।'