সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে বিজিবিকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২০ জুলাই) সকালে পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরে পৌঁছালে তাকে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বাহিনীর অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।
পরে শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সর্বোত্তম ব্যবহার এবং সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জনের ওপর জোর দেন।
‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা ভবিষ্যতেও অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবির সদস্য এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে (বিওপি) কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন, ‘সীমান্ত গৌরব’ ও ‘২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ’ পরিদর্শনের পাশাপাশি ‘সীমান্ত কুঞ্জ’ এলাকায় বৃক্ষরোপণ করেন। পরিশেষে তিনি শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।