দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যা বিষয়ে ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, মৃত্তিকা বিজ্ঞানে একজন, পরিসংখ্যানে একজন, ভূগোলে ৮ জন, মনোবিজ্ঞানে ২ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, গণিতে তিনজন, কম্পিউটারে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন, গার্হস্থ্য অর্থনীতিতে তিনজন এবং জীববিজ্ঞানে ২ জন প্রদর্শককে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মের একটি স্মারক পত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কলেজসমূহে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (দশম গ্রেড) পদের এসব কর্মকর্তাদেরকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো।
সরকারি কলেজে প্রদর্শক পদটি মূলত দশম গ্রেডের। এখন ১৪৫ জন প্রদর্শক প্রভাষক পদে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে উন্নতি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, আগামী ২১ জুলাই তারিখে অপরাহ্ণ ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।