চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড নামের একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
সোমবার (২০ জুলাই) সকালে একজন ও রবিবার (১৯ জুলাই) আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। বর্তমানে হাসপাতালের আইসিইউতে আরও এক দগ্ধ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন— বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উজ্জ্বল দাশ (৫৩)।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, বোয়ালখালীতে লবন কারখানায় দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার একজন ও সোমবার একজনের মৃত্যু হয়। এই ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অবস্থাও ভালো না।
এর আগে গত বৃহস্পতিবার সকালে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ নামের লবণ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ১০ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে পাঁচজন কারখানার নিজস্ব শ্রমিক এবং বাকি পাঁচজন ঠিকাদারের অধীনে কর্মরত মেরামতকর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার বড় জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট থাকায় সেগুলো মেরামতের কাজ চলছিল। এ জন্য একসঙ্গে পাঁচটি ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে সেখানে থাকা দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হলে শ্রমিকেরা মারাত্মকভাবে দগ্ধ হন।