দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ‘আবাম ফাউন্ডেশন বাংলাদেশ’। সংগঠনটির উদ্যোগে বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া ও কুতুবদিয়ার বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, ফুড প্যাক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জানা যায়, সম্প্রতি সংগঠনের সভাপতি শামসুল আলম খান মুরাদের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে বাঁশখালীতে ৭০০ জনের মাঝে রান্না করা খাবার, ১০০টি পরিবারের মাঝে শুকনো খাবার, ১২০টি পরিবারের মাঝে ফুড প্যাক এবং ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
এছাড়া সাতকানিয়ায় ১,০০০ মানুষের মাঝে রান্না করা খাবার, ৫২০টি পরিবারের মাঝে শুকনো খাবার, ১৩০টি পরিবারের মাঝে ফুড প্যাক এবং ১৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি চকরিয়ায় ২০৫টি পরিবারের মাঝে ফুড প্যাক এবং কুতুবদিয়ায় ৩৫০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান, ফজল করিম, মোস্তাফিজুর রহমান, কামাল উদ্দিন, শাহাদাত, সাদেক, আয়াতুল্লাহ, হাফেজ ইব্রাহিম, হাবিবুল্লাহ, অ্যাডভোকেট মুক্তার ও রিজবি।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামসুল আলম খান মুরাদ বলেন, ‘যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
একই সাথে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও দানশীল মানুষদের বন্যাকবলিত সহায় সম্বলহীন মানুষের পাশে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।