কিয়ারার পাশে কাজল

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম

ভারতীয় চলচ্চিত্রের বহুল চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি। যদিও এরই মধ্যে বেশ কয়েকটি বছর বলিউডে কাটিয়ে দিয়েছেন এই লাস্যময়ী। কিন্তু এখনো আহামরি সাফল্যের দেখা না পেলেও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে নেটিজেনদের কাছে খুব সহজেই আলোচনায় এসেছেন কিয়ারা। বিশেষ করে খোলামেলা ছবি পোস্ট করার দরুন দ্রুত নেট দুনিয়ায় হইচই ফেলে দেন এই সুন্দরী। ফ্যাশন সেন্সের জন্যও সবসময় আলোচনায় থাকেন তিনি। কয়েকদিন পর মুক্তি পাচ্ছে কিয়ারা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ‘তবাহি’ শিরোনামের একটি গান। আর এই গানটিতে যশ এবং কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বলি ও নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে সাহসী দৃশ্যের কারণে কটাক্ষের মুখে পড়েছেন কিয়ারা। প্রশ্ন উঠেছে, ‘কেন একজন বিবাহিত মহিলা হয়ে এত সাহসী দৃশ্যের শুটিং করেছেন তিনি। এই বিতর্কের মধ্যেই কিয়ারার পাশে দাঁড়িয়ে দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল জানিয়েছেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা প্রত্যেকের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’

কাজলকে প্রশ্ন করা হয়, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করার ক্ষেত্রে কেন পুরুষ ও মহিলাদের আলাদাভাবে বিচার করা হয়। জবাবে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক জন পুরুষও নিজের মতো ভেবে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি এমন দৃশ্য করবেন কি না। সিদ্ধান্তটা ভেতর থেকে আসা উচিত। তবে মহিলারা এক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন।’

নিজের অবস্থানও স্পষ্ট করেন কাজল। তিনি কি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ? কাজল বলেন, ‘আমি শুধু নিজের কথা বলতে পারি। আমি কোনোদিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত