নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ

টেকনাফে মিয়ানমারের ৩ নিরাপত্তা সদস্য আটক

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দেশটির জান্তা বাহিনীর এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সংলগ্ন নাফ নদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হেউন ডে টে (৩৮), এবং পুলিশ সদস্য ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

বিজিবি ও স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত ক্যাম্পে জিম্মি অবস্থায় বন্দী ছিলেন। সেখান থেকে কৌশলে পালিয়ে তারা প্লাস্টিকের জারিকেন বা পানির জারের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন।

অনুপ্রবেশের এ ঘটনা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, 'সীমান্তে আমাদের বিজিবি সদস্যরা দিনরাত চব্বিশ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। রাখাইনের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির সতর্ক টহল দল এই তিনজনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় সোপর্দ করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ ক্রসিং ঠেকাতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং সীমান্তে আমাদের নজরদারি আরও তীব্র করা হয়েছে।'

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অনুপ্রবেশের মামলা করে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াইয়ের কারণে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত